গাজীপুরে স্কুলছাত্র মামুন হত্যা মামলায় দুই সহোদরসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আড়াইটার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভুঁইয়া এ রায় প্রদান করেন। এছাড়া রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত ৩ জন ও খালাসপ্রাপ্ত ২ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— গাজীপুর মহানগরীর পূবাইল হাড়িবাড়িটেক এলাকার আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার (৩২)। একই এলাকার হামিদ ভুইয়ার ছেলে শাকিল ভূঁইয়া (৩০) ও ইকবাল হোসেন ভূঁইয়া (৩২) এবং কুড়িগ্রাম জেলার বাজারহাট থানার মজিবুর রহমানের ছেলে আবু সায়েম (৩৪)। তাদের মধ্যে আবু সায়েম পলাতক রয়েছে।
খালসপ্রাপ্তরা হলো— হাড়ীরবাড়িরটেক এলাকার আফজাল হোসেন সরকার (৬৫), তার ছেলে উজ্জল সরকার (৩৭) এবং একই এলাকার ইদ্রিস আলী খানের ছেলে সুমন খান (৩৮)।
আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার স্থানীয় ভাদুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনের (১৫) বোনকে বিয়ের প্রস্তাব দেয়। মামুনের পরিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর জেরে ২০০৪ সালের ১০ অগাস্ট ভোরে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জামান। এর তিন দিন পর একই এলাকায় একটি বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে মামুনের দুই হাত, দুই পা রশি দিয়ে বাধা, গলায় কাপড় পেঁচানো, গলিত লাশ পাওয়া যায়।
তিনি আরো বলেন, ওই রাতে নিহতের বাবা মো. হাসান খন্দকার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। সিআইডির পরিদর্শক সুলতান মাহমুদ তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে আদালতে ২০০৬ সালের ১১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।-মানবকণ্ঠ

0 Comment "স্কুলছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড"
Post a Comment