শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি পদে এমপিদের থাকা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ শিক্ষা বোর্ডের পরিদর্শক, ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ ও স্কুলটির গভর্নিং বডির সভাপতি রাশেদ খান মেননকে এর জবাব দিতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯-এর ৫ ও ৫০ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে চলতি সপ্তাহে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তিনি নিজেই।
ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, একজন মন্ত্রী বা এমপির দায়িত্ব হলো সংসদে গিয়ে আইন তৈরি করবেন। কিন্তু তারা অর্থ বাণিজ্যের জন্য স্কুল প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব নেন, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
প্রসঙ্গত, ২০০৯-এর ৫ ধারায় আছে, স্থানীয় সংসদ সদস্যরা চারটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে থাকতে পারবেন। এ ছাড়া ৫০ ধারাটি হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন না দিয়ে বিশেষ কমিটির মাধ্যমে গঠন সংক্রান্ত। -মানবকণ্ঠ

0 Comment "‘শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে এমপিরা কেন অবৈধ নয়’"
Post a Comment