প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ইফতেখার জাহানকে কঠোরভাবে সর্বোচ্চ সর্তক করল ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে যাত্রী হয়রানির সুনির্দিষ্ট একটি অভিযোগের প্রাথমিক তদন্তে আদালতকে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তাকে অভিযুক্ত করা হয়। পরে ইফতেখার জাহান ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ তাকে কঠোরভাবে সর্বোচ্চ সর্তক করেছেন। এর আগে বেলা ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতে ইফতেখার জাহান হাজির হলে আদালত কক্ষের সামনে অবস্থান নিয়ে হট্টগোল করেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগের প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারীরা।
বিমানবন্দর সূত্র জানায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় বিজি ০৫১ নম্বর ফ্লাইটে দুবাইগামী শেখ সাদিক নামের এক যাত্রী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফকে টেলিফোনে অভিযোগ করেন, মালামাল তল্লাশির নামে এক নিরাপত্তাকর্মী তার মানি ব্যাগ থেকে ১,১০০ দিরহাম ও সাড়ে ৫ হাজার টাকা নিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, শাহজালালের এক নম্বর বোর্ডিং গেইটে সিকিউরিটি চেকের সময় আর্চওয়েতে কর্মরত সিকিউরিটি কর্মী নিজহাতে তার (যাত্রীর) মানিব্যাগ খুলে টাকা গুণে দেখেন। মানিব্যাগে ১ হাজার ১ শত দিরহাম এবং ৫ হাজার ৫০০ টাকা ছিল। সিকিউরিটি কর্মী মানিব্যাগটি স্ক্যানিং ম্যাশিনে দেয়ার জন্য অন্য এক নিরাপত্তা কর্মীর কাছে দেন। বোর্ডিং তল্লাশি ও স্ক্যানিং শেষে বিমানে উঠে তিনি মানিব্যাগ চেক করে দেখেন কোন দিরহাম ও টাকা মানিব্যাগ নেই। এরপর সাদিক ওই দুই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটকে মোবাইল ফোনে অভিযোগ করেন।
এই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ নম্বর বোর্ডিং গেইটে ওইদিন কর্মরত দুই নিরাপত্তা কর্মীকে চিহ্নিত করেন। প্রাথমিক তদন্তের স্বার্থে তাদের বক্তব্য শোনার জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ইফতাখার জাহানের অফিসের টিঅ্যান্ডটি নম্বর ও মোবাইল ফোনে বহুবার কল করে দিলেও সিএসও ফোন ধরেননি। এরপর ম্যাজিস্ট্রেট কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তার (ডিএসও) সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্য এক নিরাপত্তা কর্মী শহীদুল্লাহর মাধ্যমে অভিযুক্ত দুই কর্মীকে পরদিন ১৬ এপ্রিল বক্তব্য দিতে আদালতে হাজির হতে বলেন।
১৬ তারিখেও অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মী আদালতে হাজির না হলে সিএসও ইফতেখার জাহানকে তিনবার ফোন করলেও তিনি ফোন ধরেননি এবং যোগায়োগের চেষ্টা করেননি। পরদিন রোববার (১৭ তারিখ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএসও মাহমুদা খানমকে অবহিত করে সিসিটিভি মনিটরিং রুমে যান ঘটনার সময়ের সিসিটিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করতে। এসময় সিকিউরিটি সুপারভাইজার সালেহা, ইমিগ্রেশন কর্মকর্তা মমিনুল ইসলাম, এপিবিএন কর্মকর্তা রোজী এবং এভসেক সদস্য তানভীর আহমেদ উপস্থিতি ছিলেন। ফুটেজ পরীক্ষার সময়ও ডিএসও মাহমুদা খানম টেলিফোনে ফোন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চান কি অপরাধে দুই নিরাপত্তা কর্মীকে তলব করা হয়েছে তা না জানালে তাদের আদালতে পাঠানো যাবে না। প্রধান নিরাপত্তা কর্মকর্তা এমন নির্দেশনা দিয়েছেন বলেও জানান ডিএসও। এ ঘটনার প্রেক্ষিতে আদালতকে সহযোগিতা না করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয় সিএসও এবং ডিএসও’র বিরুদ্ধে। এদিকে বিমানবন্দরের পরিচালক জাকির হাসান টেলিফোনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও ডিউটি সিকিউরিটি অফিসার সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আদালতে হাজির হবেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজির হওয়ার করা হলেও থাকলেও প্রায় দেড় ঘণ্টা পরে আদলতে হাজির হন বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ইফতেখার জাহান হোসেন ও ডিউটি সিকিউরিটি অফিসার (ডিএসও) মাহমুদা খানম। এর কিছু সময় পরেই আদালতে সামনে অবস্থান নিয়ে অন্য নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীরা হ্ট্টগোল শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মুহাম্মদ ফরহাদ। এর ফলে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হয় বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে না করার শর্তে বিমানবন্দরের এক কর্মকর্তা মানবকণ্ঠকে জানান, সিভিল এভিয়েশনের একাধিক নিরাপত্তা কর্মীকে চুরিসহ নানা অপরাধে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিয়ে নাখোশ ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান। এই পরিস্থিতিতে তাকে কোর্টে তলব করা হলে তার অনুগতরা নানাভাবে হট্টগোল শুরু করেন।
বিকেল তিনটার দিকে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ ইউসুফ। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাকির হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ মানবকণ্ঠকে বলেন, ডিউটি সিকিউরিটি অফিসার (ডিএসও) মাহমুদা খানমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। অন্যদিকে ইফতেখার জাহানের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এমন হবে না বলে ইফতেখার জাহান আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এসময় তাকে ভবিষতে ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার জন্য কঠোরভাবে সর্বোচ্চ সর্তক করে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।-মানবকণ্ঠ

0 Comment "শাহজালালে ভ্রাম্যমাণ আদালতে নিরাপত্তাকর্মীদের হট্টগোল"
Post a Comment