রমনা থানার নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন


রমনা থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সাত নেতা ফের জামিন পেয়েছেন। 
ঢাকার মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের (মহানগর দায়রা জজ) বিচারক কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার তাদের জামিন মঞ্জুর করেন বলে ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ জানিয়েছেন।
তিনি বলেন, এই মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে তারা আগেই জামিন পেয়েছিলেন।
মামলাটি সম্প্রতি বিশেষ ট্রাইব্যুনালে এলে ফের জামিন আবেদন করা হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেছে।
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ডিসেম্বরে নাশকতার অভিযোগে ফখরুলসহ বিএনপির সাত নেতার বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেছিল পুলিশ। অন্য আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এসএম শাহজাহান ও আব্দুস সালাম রয়েছেন।
আগামী ২৬ মে মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে বলে ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান।-মানবকণ্ঠ

0 Comment "রমনা থানার নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন"

Post a Comment